নিত্যপ্রয়োজনীয় পণ্যমূূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং পণ্যমূল্য কমানোর দাবিতে ১১ দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া সারা দেশের উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রীর বিক্রির দাবিও জানিয়েছে দলটি। গতকাল বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীতে (মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুমতি পাওয়া সাপেক্ষে), ২৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এবং ২ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ১২ মার্চ বিএনপির উদ্যোগে সারা দেশে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে হাট-বাজার হাটসভা-পথসভা ও লিফলেট বিতরণ করা হবে। এ ছাড়া ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দল, ১৪ মার্চ মহিলা দল ও ১৫ মার্চ তাঁতী দলের উদ্যোগে সমাবেশ হবে।
কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যেমন বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই, তেমনি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই, উৎপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে দেশ এমন একটা পর্যায় চলে গেছে যে, প্রতিটি ক্ষেত্রে ২০-২৮% জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বাজারের ক্ষেত্রে সিন্ডিকেটগুলো তৈরি করা হয়েছে। তারা কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। এ সরকারের আমলে কোথাও কোনো জবাবদিহি নেই।’
গত ২২ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয় বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল।
