গত সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দেশে ফিরে এখনো কোনো শ্যুটিং শুরু করেননি। এ সপ্তাহ থেকে আবার ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। বিয়ের পর হাতের কাজগুলো কিছুটা গুছিয়েই তিনি চলে যান আমেরিকা। লম্বা সময় ছিলেন সেখানে। কেমন কাটল দিনগুলো? জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘বেশ ভালো। সেখানে আমার স্ত্রী শাম্মা দেওয়ান থাকে। আর বেশ কিছু বন্ধু-বান্ধব আছে। সবার সঙ্গেই দারুণ সময় কেটেছে। তবে গিয়ে কয়েক দিন অসুস্থ ছিলাম। ওই সময়গুলো ছাড়া আনন্দেই কেটেছে।’ বিয়ের পর তো হানিমুন হয়নি। এটা কি হানিমুন ট্রিপ ছিল? অপূর্ব বলেন, ‘না না। সে রকম কিছু না। আবার বলাও যায়। আমার স্ত্রী মার্কিন নাগরিক। তাই যাওয়া। তবে বন্ধুদের সঙ্গেও ভালো সময় কেটেছে। মজার ব্যাপার হলো, ওখানে যাওয়ার পর আমাকে আমার বন্ধুরা মি. বাংলাদেশ নামে ডাকা শুরু করেছিল।’ মি. বাংলাদেশ নামে কেন তাকে সবাই ডাকছে তার কারণটা নিজেই ব্যাখ্যা করলেন, ‘ওখানে কেউ যখন বাংলাদেশ নিয়ে নেতিবাচক কিছু বলত বা বাজে মন্তব্য করত, সেটা ভালো লাগত না আমার। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতাম। এই কারণে সবাই আমাকে ওই নাম দিয়েছিল। তাতে কিন্তু আমি বেশ খুশি। সব সময় দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমি। তাই দেশ নিয়ে কেউ কিছু বললে সেটা সহ্য করতে পারি না। এটা আমি তাহসান ভাইয়ের মধ্যে দেখি। উনি যেখানেই যান সবার আগে দেশকে উপস্থাপন করেন।’
আপনার স্ত্রী তো আমেরিকার নাগরিক। তাই শোবিজে কান পাতলেই গুঞ্জন শোনা যায়, ভবিষ্যতে আপনিও আমেরিকায় স্থায়ী হবেন। এ প্রসঙ্গে অপূর্ব বললেন, ‘এখনো এসব নিয়ে ভাবছি না। এখানেই সব আছে আমার। ক্যারিয়ার, বন্ধু, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী, ভক্ত সবাই। এখানে বিপদে পড়ে যদি আমি কাউকে ডাক দিই, তাহলে অনেকে এগিয়ে আসবেন। কিন্তু ওখানে বিপদে পড়ে ডাকলে কাউকে পাব না। ওখানে সবাই খুব ব্যস্ত। তা ছাড়া আমেরিকায় গিয়ে যে লাইফস্টাইল অনুসরণ করব, সেটা তো এখানেই করতে পারছি। তাহলে যাব কেন? তাই এখন এসব নিয়ে ভাবছি না। সত্যি কথা কী, দেশটাকে প্রচণ্ড ভালোবাসি। এটা নতুন করে আবার উপলব্ধি করলাম এবার আমেরিকা গিয়ে। তাই এ দেশের হাওয়া, মাটি, গন্ধ ছাড়তে চাই না।’
এবার অন্য প্রসঙ্গে আসা যাক। প্রতি বছর ভালোবাসা দিবসে ছোটপর্দার অন্যতম আকর্ষণ থাকে অপূর্ব অভিনীত নাটকগুলো। সেগুলো নিয়ে ভক্তদের মধ্যে অনেক আগ্রহ দেখা যায়। ইউটিউবে নাটকগুলো আপলোড হওয়া মাত্রই লাখ লাখ ভিউ হয়ে যায়। তাই তো অপূর্বর মতো জনপ্রিয় তারকারা বছরের অন্য সময় কাজ থেকে দূরে থাকলেও ভালোবাসা দিবসের আগের কটা দিন ব্যস্ত হয়ে পড়েন নাটকের শ্যুটিংয়ে। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে এবারের ভালোবাসা দিবসে ঘটেছে ব্যতিক্রম। ভ্যালেন্টাইনে তেমন কোনো কাজ দেখা যায়নি তার। কতটা মিস করেছেন বিষয়টি? জানতে চাইলে অপূর্ব বলেন, ‘আসলেই এবার তেমন কোনো কাজ করা হয়নি। আমেরিকা গিয়ে প্রায় দুই মাস থাকলাম। আর কিছুদিন হলো, ইউটিউবের জন্য নির্মিত নাটক নিচ্ছে না টিভি চ্যানেলগুলো। তাই নাটকের নির্মাণ ও বাজেট নিয়ে একটা সমস্যা চলছিল। আমিও ফিরে আসতে পারছিলাম না। তবে বেশ কয়েকটি নাটকের আগে থেকেই শ্যুটিং করা ছিল। মজার ব্যাপার হচ্ছে, অনেক চ্যানেল কর্তৃপক্ষ আমার ফেরা নিয়ে কনফিউশনে ছিলেন। তাই সেসব নাটক রেখে দিয়েছেন ঈদের জন্য।’
কবে থেকে শ্যুটিং শুরু করছেন? ‘আমেরিকা থেকে ফিরে একটা ঘুমের জটিলতায় পড়েছি। তাই এখন শ্যুটিংয়ে মনোযোগ দেওয়া কঠিন হবে বলে মনে হচ্ছে। আশা করছি দু-এক দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এ সপ্তাহ থেকেই শ্যুটিং শুরু করার পরিকল্পনা করেছি। এরই মধ্যে বেশ কয়েকজন ডিরেক্টরের সঙ্গে বসেছি। গল্প শুনেছি। ঈদের আগে বেশ কিছু নাটক ও ওটিটির জন্য কাজ করা হবে’ বললেন অপূর্ব।
