বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে হয়ে গেলেন লাশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৮ এএম

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে রাজধানীতে এসেছিলেন কুমিল্লার বরুড়া উপজেলার মাকসুদা (২২)। তিনি থাকতেন তুরাগ এলাকার কালিয়ারটেক এলাকায় একটি ভবনে। সেই ভবনের নিচ থেকে গতকাল শুক্রবার তার লাশ উদ্ধার করা হয়।

মাকসুদাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া তরুণ ইব্রাহিম সাংবাদিকদের বলেছেন, কোনো কিছু উপর থেকে পড়ার শব্দ শুনে তিনি ভবনের নিচে ছুটে গিয়ে মাকসুদাকে রক্তাক্ত অবস্থায় পান। মাকসুদা ওই ভবনের পাঁচতলায় মেসে থাকতেন বলে জানান তিনি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোর্শেদ আলম দেশ রূপান্তরকে বলেন, মেয়েটি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে। সে কারণে তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইব্রাহিম জানান, তিনি কামারপাড়া এলাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের পাশে তার একটি দোকান আছে। সেখানে তিনি কম্পিউটার কম্পোজসহ বিভিন্ন কাজ করেন। এই দোকানেই মাকসুদা জীবনবৃত্তান্ত তৈরি করাতে গিয়েছিলেন। সেখান থেকেই তার সঙ্গে পরিচয়। তারপর বন্ধুত্ব ও প্রেম হয়ে যায়। তিনি আরও জানান, মাকসুদা কালিয়ারটেকে যে ভবনে থাকতেন তিনিও সেই ভবনের চতুর্থ তলায় থাকেন।

পুলিশ, স্থানীয় লোকজন ও ইব্রাহিম জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কালিয়ারটেকের কবরস্থান রোডের ৪৮ নম্বর ওই বাড়িটির সামনে থেকে মাকসুদাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ১টার দিকে জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক মো. গাজী মিয়া জানান, তিন মাস আগে ইব্রাহিমই মেয়েটিকে তার পাঁচতলার ওই মেসে ওঠান। মাঝে এক মাস মেয়েটি বাসায় ছিল না। চলতি মাসে আবার তাকে নিয়ে আসেন ইব্রাহিম। মাকসুদা কীভাবে ছাদ থেকে পড়ে গেল সেটা তিনি জানাতে পারেননি।

মাকসুদা কুমিল্লার বরুড়া উপজেলার রহিমপুর চৌধুরী বাড়ির মাহবুব চৌধুরীর মেয়ে। কালিয়ারটেকে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন তিনি।

তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, মাকসুদার ছাদ থেকে পড়ে যাওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত