বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, সামনে বড় চ্যালেঞ্জ হলো বিএনপির মতো বড় রাজনৈতিক দলসহ অন্যান্য দলকে নির্বাচনে আনা। নির্বাচনকে সর্বজনীন রূপ দেওয়া।
নিয়োগের প্রজ্ঞাপনের পর রাজধানীর ইস্কাটনের বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল। সেখানে বিভিন্ন প্রশ্নের জবাব ও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পান তবে তাকে নিয়েও ‘ইমেজ সংকট’ হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নতুন সিইসি বলেন, ‘আপনারা আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন।’
গত দুই নির্বাচন কমিশনের ইমেজ সংকট আছে, এবারও হতে পারে কি নাএ প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ইমেজ সংকট আমাকে নিয়েও হতে পারে। যদি আমি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পাই, নির্বাচনী পরিবেশ অনুকূল না হলে আপনারা আমাকে দায়ী করবেন। আমাদের চেয়ে অনেক বড় হচ্ছে রাজনৈতিক দায়িত্ব। তারা (রাজনৈতিক দল) যদি মনে করে নির্বাচন কমিশন সুন্দর নির্বাচন করিয়ে দেবে, তাহলে ভুল ধারণা হবে। তাদেরও সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিতে হবে। তারা আমার কাছে সহযোগিতা চায়, আমিও তাদের কাছে সহযোগিতা চাই। নিউজিল্যান্ড হলে চা খেতে খেতে নির্বাচন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ-ভারতে সেটা হবে না। এখনো পরিবেশ স্ট্যাবল হয়ে ওঠেনি।
নতুন সিইসি বলেন, সব দোষ নির্বাচন কমিশনকে দিলে আমি গ্রহণ করব না। রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। পুলিশ, আনসার, র্যাবকে দায়িত্ব পালন করতে হবে। আমি ওদের কমান্ড করব না। আমি এসপিকে বদলি করতে পারব না। আমি কমান্ড করলে কেউ রাইফেল নিয়ে দৌড়াবে না। তিনি জোর দিয়ে বলেন, আমার সবার প্রতি সমান দৃষ্টি থাকবে। সকলের সঙ্গে সমান আচরণ নিশ্চিত করার চেষ্টা করব।
