কারাগারে বন্দিদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, ‘করোনার কারণে সাক্ষাৎ বন্ধ থাকায় পরিবারের সঙ্গে বন্দিদের সপ্তাহে এক দিন ১০ মিনিট মোবাইলে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে।’
গতকাল রবিবার গাজীপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘কারাগারে প্রেরণামূলক কাজের মাধ্যমে অপরাধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে দেওয়ার মতো গুরুদায়িত্ব পালন করছে কারাগারগুলো। করোনাকালে মোবাইলে কথা বলার পাশাপাশি ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলার ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নিয়েছে সরকার।’
আসাদুজ্জামান খান বলেন, ‘বর্তমান সরকারের আমলে রুটি-গুড়ের নাস্তার পরিবর্তে সপ্তাহে চার দিন সবজি-রুটি, দুদিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি দেওয়া হচ্ছে। বাংলা নববর্ষসহ বিশেষ দিবসে উন্নতমানের খাবারে বরাদ্দ বাড়ানো হয়েছে। কারাগার এখন আর কেবল শাস্তি কার্যকরের জায়গা নেই।’
তিনি বলেন, ‘করোনা মহামারী মোকাবিলায় দেশের ৬৮টি কারাগারের বন্দিদের টিকার আওতায় আনা হয়েছে। কারাগারে দায়িত্ব পালন অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর ও চ্যালেঞ্জিং। কারণ কারাগারে নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দিদের প্রতি মানবিক আচরণ ও প্রশিক্ষণের মাধ্যমে অপরাধীদের চরিত্র সংশোধন করে সমাজে পুনর্বাসন করতে হয়।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সফলে কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যুগোপযোগী প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।’
সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে এলে মহাপরিদর্শক স্বাগত জানান। একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন শেষে তিনি রিক্রুট ডেপুটি জেলারদের র্যাংক ব্যাজ ও রিক্রুট প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। মন্ত্রী প্রশিক্ষণার্থীদের অন-আর্মড কমব্যাট ও পিটি ডিসপ্লে উপভোগ করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল, কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তার, গাজীপুর জেলা কারাগারের জেল সুপার বজলুর রশিদ আখন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
