আন্দোলন বন্ধ করতে শিক্ষার্থীদের হুমকি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪৯ এএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন বন্ধ না করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। গতকাল রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, যে সব মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে তা বিভিন্ন অ্যাপ দিয়ে আমরা যাচাই-বাছাই করে দেখেছি। সেগুলো গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নম্বর। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। হুমকি এলেও আমাদের চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, ‘ছাত্রলীগের পক্ষ থেকে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কে বা কারা এগুলো করছে তা আমাদের জানা নেই।’

গত ২৩ ফেব্রুয়ারি ছাত্রী দল বেঁধে ধর্ষণের শিকার হওয়ার পর বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। পরে গত ২৫ ফেব্রুয়ারি ৬ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

গতকাল রবিবার বিকাল ৩টায় ৬ আসামিকে গোপালগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা লিপি ও মো. শরীফুর রহমানের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পিয়াস সিকদার (২২), অন্তর (২১) ও জীবন (২০) নামে তিনজনকে আটক করেছিল। এ তিনজনকেও ছয় আসামির সঙ্গে আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

গতকাল বেলা ১১টার দিকে ধর্ষক ও আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন গোপালগঞ্জ জেলা পরিবারের শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেন শিক্ষার্থীরা। এছাড়া বিকাল পাঁচটায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ধর্ষণবিরোধী মঞ্চনাটক উপস্থাপন করা হয়।

এদিকে ক্যাম্পাসের বাইরে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বিকাল ৩টায় মেস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘বাইরে অবস্থান করা শিক্ষার্থীদের বিষয়ে আমরা উদ্বিগ্ন। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার স্বার্থে আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি এবং বিভিন্ন এলাকার মেস মালিকদের সঙ্গে কথা বলছি। এ সময় তিনি আন্দোলনকারীদের হুমকির বিষয়ে বলেন, শিক্ষার্থীরা এ বিষয়ে আমাদের অবগত করেছেন। যে সব নম্বর থেকে হুমকি এসেছে সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত