একই ঘরে তরুণীর গলাকাটা লাশের পাশে ঝুলছিল প্রেমিকের মরদেহ। এ ঘটনা চট্টগ্রামের রাউজানের।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন জানান, উপজেলার পাহাড়তলী ইউনিয়নের মহামুনি এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের এক বাসা থেকে রবিবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, অন্বেষা চৌধুরীকে (২২) খুন করে গলায় ফাঁসি নিয়ে আত্মঘাতী হয়েছেন জয় মুৎসুদ্দী (২৩)।
স্থানীয়রা জানান, অন্বেষার সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আরেকজনের সঙ্গে অন্বেষার বিয়ে ঠিক হয়। আগামী ১০ মার্চ সেই বিয়ে হওয়ার কথা ছিল।
জয় ও অন্বেষার বাড়ি কাছাকাছি এলাকায়। যে ঘরে তাদের লাশ পাওয়া গেছে সেটি জয়ের কাকার ঘর।
ওসি আব্দুল্লাহ আল হারুন সংবাদমাধ্যমকে বলেন, কাকার পরিবারের কেউ বাড়িতে না থাকায় সেখানে জয় রাতে ঘুমাতেন। রাতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন জয়কে খুঁজতে যায়। কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজন নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে তারা অন্বেষার রক্তাক্ত লাশ এবং জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্বেষাকে ফাঁস দিয়ে হত্যার পর গলায় ছুরিকাঘাত করা হয়েছে। পরে ফাঁসিতে ঝুলে নিজেও আত্মহত্যা করেছেন জয়।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
