ডিজিটাল নিরাপত্তা আইন

টিসিবি নিয়ে সরকার-বিরোধীদের কটূক্তি, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৬ পিএম

টিসিবির ট্রাকের সঙ্গে জড়িয়ে প্রধানমন্ত্রীসহ সরকার ও বিরোধী দলের নেতাদের নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে রংপুরে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা মামলা করেছেন।

রবিবার রাতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন বাদী হয়ে বদরগঞ্জ থানায় আইনজীবী ওয়ালিউর রহমান দোলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আইনজীবী ওয়ালিউর রহমান ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী ও বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর এলাকার আব্দুল্লাহর ছেলে। তিনি ১৯৯৯-২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন।  

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, আসামি ঢাকায় থাকেন বলে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। 

মামলা সূত্রে জানা যায়, দোলন তার ফেসবুক ওয়ালে টিসিবির ট্রাকের পেছনে ন্যায্যমূল্যে পণ্য কিনতে সাধারণ জনগণের ভিড় ও দৌড়ানোর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী, তার পরিবার, মন্ত্রী, আমলাসহ বিরোধী দলের নেতাদের জড়িয়ে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট দেন।

বিষয়ে জানতে চাইলে আইনজীবী ওয়ালিউর রহমান বলেন, ‘আমি চক্রান্তের শিকার, আমি বিপর্যস্ত। মামলার কপি হাতে পেলে মন্তব্য করব, তার আগে নয়।’

এদিকে মামলার বাদী ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, ওই আইনজীবী মাননীয় প্রধানমন্ত্রী ও তার পরিবারসহ বর্তমান সরকারের মন্ত্রীদের নাম উল্লেখ করে যেভাবে লিখেছেন, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তবে জানা যায় আইনজীবী ওয়ালি উর রহমান দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে লেখাপড়া করেছেন এবং সে সময় তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত