নির্বাচন বর্জন না করে জেলেনস্কির মতো প্রতিদ্বন্দ্বিতার পরামর্শ সিইসির

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৭ পিএম

নির্বাচন বর্জন না করে রাজনৈতিক দলগুলোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতো ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সিইসির দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।

হাবিবুল বলেন, ‘মাঠ ছেড়ে চলে গেলে হবে না। মাঠে থাকবেন। কষ্ট হবে। জেলেনস্কি (ইউক্রেনের প্রেসিডেন্ট) হয়তো দৌড়ে পালিয়ে যেতে পারতেন। তিনি পালাননি। তিনি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব। তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরোধ যুদ্ধ করে যাচ্ছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে। যেখানেই প্রতিদ্বন্দ্বিতা হয়, কিছুটা ধস্তাধস্তি হয়।’

ভোটে বিএনপির না আসার সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘বিএনপি যদি এমন ঘোষণা দিয়েও থাকে, আমরা কি তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানাব না? কোনো কথাই শেষ কথাই নয়।’

বিএনপির নির্বাচনকালীন সরকারের দাবি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন সরকার করে না। নির্বাচনের সময় একটা সরকার থাকে। কোনো না কোনো সরকার থাকবেই। ওয়ান-ইলেভেনের সময় ছিল, নির্দলীয় সরকার ছিল। এখন যে সাংবিধানিক ব্যবস্থা আছে, সেটা মেনেই আমরা চেষ্টা করব, ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা বড় চ্যালেঞ্জ।’

এদিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসে দায়িত্ব বুঝে নেন নতুন নির্বাচন কমিশনের সদস্যরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তারা। চার নির্বাচন কমিশনার মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা এমিলি, আহসান হাবীব খানও এ সময় সিইসির পাশে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত