চট্টগ্রাম আবাহনীর কাছে হারল ঢাকা আবাহনী

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০:২২ পিএম

টানা ৫ ম্যাচ অপরাজিত থাকার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম হারের স্বাদ পেল ঢাকা আবাহনী লিমিটেড। মৌসুমে ট্রেবল জয়ের মিশনে যা দলটির জন্য বড় ধাক্কাই।

আসরের রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়নদের হারের স্বাদ দিয়েছে চট্টগ্রাম আবাহনী। বন্দরনগরীর দলটির বিপক্ষে ২-৩ গোলে হেরেছে চলতি মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জেতা ধানমন্ডির দলটি।

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দানিয়েল কলিনদ্রেস আবাহনীকে এগিয়ে নেওয়ার পর চট্টগ্রামকে সমতা এনে দেন পিটার থ্যাঙ্কগড। পরে উইলিয়াম টিওয়ালা ও পোপালজাইয়ের গোলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম আবাহনী।

শেষ দিকে ব্রাজিলিয়ান রাফায়েলের গোলটি আবাহনীর হারের ব্যবধান কমিয়েছে মাত্র।

এদিনের হারের ফলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে আবাহনীর। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ১৬। চট্টগ্রাম আবাহনী ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে।

দিনের আরেক ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দলটির পক্ষে হ্যাটট্রিক করেছেন এমেকা ওগবাহ। একটি করে গোল করেন এমেরি বাইসেঙ্গে ও আসরোর গভুরভ। স্বাধীনতার পক্ষে একমাত্র গোলটি করেন নদির মাভলিয়ানোভ।

ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং। ৪ পয়েন্ট নিয়ে স্বাধীনতা ক্রীড়া সংঘের অবস্থান দশম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত