ইউরেনিয়ামে নিষেধাজ্ঞা না দিতে মার্কিনিদের তদবির

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০২:৫৮ এএম

যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কোম্পানিগুলো রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি অব্যাহত রাখতে জোর তদবির চালিয়ে যাচ্ছে। রাশিয়া অব্যাহতভাবে ইউক্রেনে সামরিক অভিযান জারি রাখলেও হোয়াইট হাউজ যেন ইউরেনিয়াম আমদানিতে কোনো হস্তক্ষেপ না করে সেটা নিশ্চিতেই এই তদবির বলে রয়টার্সকে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র।

রাশিয়া এবং তাদের মিত্র কাজাখস্তান ও উজবেকিস্তানের কাছ থেকেই যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখতে প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহ করে। এ দেশগুলো থেকে ২০২০ সালে প্রায় ১ কোটি ৩ লাখ কেজি ইউরেনিয়াম কিনেছে যুক্তরাষ্ট্র, যা থেকে দেশটির মোট বিদ্যুতের প্রায় ২০ শতাংশ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন ও যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন।

ইউক্রেনে রুশ বাহিনী সামরিক অভিযান শুরু করার পর ওয়াশিংটন ও তার মিত্ররা মস্কোর ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে এলেও এখন পর্যন্ত ইউরেনিয়াম বিক্রি ও এ সংক্রান্ত আর্থিক লেনদেনকে ছাড় দেওয়া হয়েছে। আর ডিউক এনার্জি করপোরেশন ও এক্সেলন করপোরেশনসহ যুক্তরাষ্ট্র পরমাণু বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর ব্যবসায়িক গোষ্ঠী দ্য ন্যাশনাল এনার্জি ইনস্টিটিউট (এনইআই) রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির ক্ষেত্রে এই ছাড় অব্যাহত রাখতে তদবির করছে বলে জানিয়েছে সূত্রগুলো। সূত্রগুলো দাবি করছে, এ বিষয়ে এনইআইয়ের তদবিরের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে যদি জ্বালানি সংক্রান্ত কোনো নিষেধাজ্ঞা রাশিয়াকে দেওয়াও হয়, তাতে যেন ইউরেনিয়াম না থাকে।

ওয়াশিংটনভিত্তিক এনইআই জানিয়েছে, তারা ইউরেনিয়ামের বৈচিত্র্যপূর্ণ সরবরাহকে সমর্থন করে। এ বিষয়ে এনইআইয়ের জ্বালানি ও বিকিরণ নিরাপত্তার ঊর্ধ্বতন পরিচালক নিমা আশকেবৌসি বলেছেন, ‘রাশিয়া যেহেতু বিশ্বজুড়ে বাণিজ্যিক পারমাণবিক জ্বালানির গুরুত্বপূর্ণ সরবরাহকারী, সরবরাহে সম্ভাব্য ব্যাঘাতের ঝুঁকি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাদের জ্বালানির জন্য বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক এবং দেশগুলোর সঙ্গে চুক্তি করছে।’

ইউরেনিয়াম আমদানি ইস্যুতে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেন, ‘জ্বালানির দাম কম রাখতে আমরা কাজ করছি। পাশাপাশি বিভিন্ন খাতের চাহিদার বিষয়গুলো শুনছি ও গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের একাধিক পারমাণবিক বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কোম্পানিগুলো এখন রাশিয়ার বাইরে থেকে পরমাণু চুল্লির জ্বালানি আনা যায় কিনা তা খোঁজা শুরু করেছে। অন্যদিকে সুইডিশ বিদ্যুৎ কোম্পানি ভেটেনফল এবি কয়েক দিন আগে ইউক্রেন সংঘাতকে কারণ হিসেবে দেখিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের পারমাণবিক চুল্লির জন্য রাশিয়ার ইউরেনিয়াম কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত