ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক যাত্রী চিকিৎসাধীন।
দেশের বিভিন্ন জায়গায় গতকাল সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। সাতক্ষীরায় নছিমনের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য মারা গেছেন। আর নোয়াখালীর সেনবাগে পিকআপচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামের সীতাকু-ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ছয়জন।
ব্রাহ্মণবাড়িয়ার দুর্ঘটনায় নিহতরা হলেন বিজয়নগরের ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৫০), আফরোজ মিয়ার ছেলে ফরিদ মিয়া (৫০), কান্তা মিয়ার ছেলে দুদু মিয়া (৬২) এবং খাটিংগা গ্রামের তোতা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় সিলেটগামী প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম ও দুদু মিয়া মারা যান। গুরুতর আহত হন আরও তিন যাত্রী। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে হোসনে আরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর ঢাকায় নেওয়ার পথে মারা যান ফরিদ মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। গাড়ি ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগ-া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানায়, ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে আরোহী জহির উদ্দীন বাবর (৩৩) ঘটনাস্থলেই নিহত হন। তিনি চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। একই দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক আবুল কাশেমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাতক্ষীরায় সাবেক ইউপি সদস্য নিহত : সাতক্ষীরায় কাঠবোঝাই নছিমনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য (মেম্বার) হাবিবুর রহমান ওরফে ছোট খোকন (৩০) নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন সদর উপজেলার কাশেমপুর গ্রামের নাসের সরদারের ছেলে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির জানান, ছোট খোকন প্রতিদিনের মতো গতকাল সকালে সড়কে হাঁটতে বের হন। হাঁটা শেষে তিনি বাড়ি ফিরছিলেন। পথে শিশু হাসপাতালের সামনে সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকু-ে মাইক্রোবাস চালক নিহত : চট্টগ্রামের সীতাকু-ে নিহত মাইক্রোবাস চালক নুরুল আবছার (৩৫) কক্সবাজারের চকরিয়া পৌরসভার মিয়াজীপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক জানান, চট্টগ্রামমুখী সড়ক ধরে চকরিয়া যাচ্ছিল একটি মাইক্রোবাস। পথে সকাল ৬টার দিকে কুমিরা ইউনিয়নের কেএসআরএম কারখানার সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে চালক নুরুল আবছার ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয়জন।
সেনবাগে পিকআপচাপায় মাদ্রাসাছাত্র নিহত : নোয়াখালীর সেনবাগে পিকআপচাপায় নিহত মেহেদী হাসান (৭) উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের আবুল হাসেমের ছেলে। সে স্থানীয় চৌতুল হেরা মাদ্রাসার তৃতীয় জামাতের ছাত্র ছিল।
বীজবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, মাদ্রাসা ছুটির পর দুপুর পৌনে ২টার দিকে কোচিংয়ে যাওয়ার পথে বীজবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খালেকেরটেক এলাকায় একটি ইটবাহী পিকআপ সামনে থেকে মেহেদীকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পিকআপচালক রিয়াদ হোসেনকে (১৮) আটক করে।
সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন জানান, মাদ্রাসাছাত্রকে চাপা দেওয়া পিকআপটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট উপজেলা ও জেলার প্রতিনিধিরা
