সেরা অ্যানিমেশন বিভাগে লড়ছে ‘মুজিব আমার পিতা’

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:১৬ পিএম

নেদারল্যান্ডসের সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডের ‘বেস্ট অ্যানিমেশন’ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘মুজিব আমার পিতা’। ৬-৭ জুন রয়্যাল থিয়েটার ইনস্টিটিউট আমস্টারডামে বসবে এবারের আসর। সমাপনী দিনে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার আগে থাকবে রেড কার্পেট ও প্রেস সাক্ষাৎকারের আয়োজন। সম্প্রচার করা হবে ডাচ টিভি চ্যানেলে।

২ মার্চ উৎসব কর্তৃপক্ষ চলচ্চিত্রটির মনোনয়ন চূড়ান্তের খবর জানায়। কারণ হিসেবে উল্লেখ করেছে ‘চলচ্চিত্রটির সক্ষমতা ও সৃজনশীলতা’র কথা।

এ আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে চলচ্চিত্রটির পৃষ্ঠপোষক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গবেষণা সমন্বয়ক তন্ময় আহমেদ এবং পরিচালক সোহেল মোহাম্মদ রানা।

নির্মাতা রানা বলেন, “এটা বাংলাদেশের জন্য একটা দারুণ সুখবর। আমরা যখন ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটির সেন্সর ছাড়পত্র পাই, জানতে পারি এই প্রথম দেশের কোনো পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র সেন্সর ছাড়পত্র পেল। আর প্রথম চলচ্চিত্রটিই প্রতিদ্বন্দ্বিতা করছে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবগুলোতে। এটা আমার জন্য যেমন গর্বের, তেমনি দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও। আশা করি, আমাদের এই অর্জনগুলো দেশের অ্যানিমেশন সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী  পলকও। বলেন, “মুজিববর্ষকে সামনে রেখে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম। উদ্দেশ্য ছিল, নতুন প্রজন্মের কাছে তাদের প্রিয় মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে তুলে ধরা। পাশাপাশি আমাদের ভাবনায় ছিল এর মাধ্যমে দেশের অ্যানিমেশন শিল্পকে উৎসাহিত করা। আমি চাই বাংলাদেশকে বৈশ্বিক অ্যানিমেশন বাজারে একটি নতুন হাব হিসেবে উপস্থাপন করতে। এর মাধ্যমে কেবল কর্মসংস্থানই নয়, বিপুল বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব। ‘মুজিব আমার পিতা’র এই আন্তর্জাতিক সাফল্য আমাদের সে লক্ষ্য অর্জনে ভীষণ সহায়ক হবে। বিশ্ববাজারে বাংলাদেশের অ্যানিমেটরদের একটা আলাদা পরিচিতি তৈরি হবে।”

সেপ্টিমিয়াস অ্যাওয়ার্ডে মূলত স্বাধীন ধারার চলচ্চিত্রকে পৃষ্ঠপোষকতা করা হয়। তুলে আনা হয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিভাবান তরুণ নির্মাতাদের। প্রতি বছরই আসরে যোগ দেন অস্কার, এমি, গ্র্যামি ও টনি জয়ী চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

বুধবার আরও একটি সুখবর পেয়েছে ‘মুজিব আমার পিতা’। কুয়েটু ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল (কিয়েফ) -এ ছবিটি নির্বাচিত হয়েছে মূল বিভাগে। তাঞ্জানিয়ার এই উৎসবে দেখানো হয় সারা বিশ্ব থেকে নির্বাচিত সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র। এবারের উৎসব বসবে ৮-১০ এপ্রিল।

এর আগে চলচ্চিত্রটি ‘দ্য এন্ড অব দ্য ইয়ার ফিল্ম ইভেন্ট’-খ্যাত ক্যাপ্রি হলিউড উৎসবে ৩১ ডিসেম্বর রাতে প্রদর্শিত হয়।

‘মুজিব আমার পিতা’র কাহিনি রচনা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রচনা ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে। নির্মাণ করেছে দেশের সর্ববৃহৎ টুডি অ্যানিমেশন নির্মাতা প্রতিষ্ঠান প্রোলেন্সার স্টুডিও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত