বন্যপ্রাণী রক্ষায় লাউয়াছড়া উদ্যানে সর্বোচ্চ গতি ২০ কি.মি নির্ধারণ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৯:৩৩ পিএম

বন্যপ্রাণী রক্ষায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া সড়ক পথে সর্বোচ্চ ২০ কিলোমিটার গতি নির্ধারণ করছে বন বিভাগ।

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহস্পতিবার সকালে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ভানুগাছ- শ্রীমঙ্গল) সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরোধে এই গতি নির্ধারণ করেন।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘লাউয়াছড়া বনের ভেতরে চলে যাওয়া সড়কে যদি ২০ কি.মি. গতিতে যানবাহন চলাচল করে তবে বন্যপ্রাণী রক্ষা পাবে। বনের ভেতরের এ সড়ক সরানো এবং ট্রেনের গতি সীমিত করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। বনের উভয় পাশে দুটি চেকপোস্ট বসবে, যাতে বনের ভেতর গাড়ি প্রবেশ করলে তার গতি নিয়ন্ত্রিত থাকে।’

‘বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি’ এ প্রতিপাদ্যে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জানকিছড়া ক্যাম্প সংলগ্ন উপজেলার প্রবেশদ্বারে এক কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান।

বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার মিত্র, লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, বিট কর্মকর্তা মামুনুর রশীদ, কালাছড়া বিট কর্মকর্তা আনোয়ার হোসেন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ মান্না, সাধারণ সম্পাদক আহাদ মিয়া, যুগ্ম সম্পাদক রুহুল ইসলাম হৃদয়, সাংগঠনিক সম্পাদক সজীব দেবরায়, প্রচার সম্পাদক সাদিকুর রহমান সামু, পরিবেশ সাংবাদিক ফোরামের সম্পাদক নুরুল মোহাইমিন, পরিবেশকর্মী রিপন দে, খোকন সিংহ প্রমুখ।

কর্মসূচি শেষে উপস্থিত সবাই লাউয়াছড়া উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন স্থানে একটি উদ্ধারকৃত মহাবিপন্ন শুকরলেজি বানর অবমুক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত