‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ সেøাগানে ৩৮ দেশের ১১৭টি শিশুতোষ চলচ্চিত্র নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২২’। এবার বসছে বার্ষিক এ উৎসবের ১৫তম আসর। ৫ থেকে ১১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে হবে উৎসবটি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন উৎসব পরিচালক শাহরিয়ার আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন আয়োজক চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুননী, উৎসব কর্মকর্তা মুঈদ হাসান তড়িৎ ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোঁজ।
আয়োজকরা জানান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় ৪টি প্রদর্শনী হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক চলচ্চিত্র দেখানো হবে। সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত থাকবে। সিনেমা দেখার জন্য কোনো ধরনের প্রবেশমূল্য না থাকলেও গত বছরের মতো এবারও মাস্ক পরাকে উৎসবের টিকিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ৫ মার্চ বিকেল ৪টায় ফিল্ম আর্কাইভ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
