সৌদিতে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরার দরকার নেই

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২:১৮ পিএম

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সরকারের নেওয়ার সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাড়ির বাইরে সামাজিক দূরত্ব পালন ও মাস্ক পরার দরকার নেই।

দুই পবিত্র মসজিদসহ দেশটির সব মসজিদ থেকে সামাজিক দূরত্ব তুলে নেওয়া হয়েছে। তবে মুসল্লিদের মাস্ক পরতে হবে।

এখন থেকে সৌদিতে যাওয়ার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে না ভ্রমণকারীদের। এমনকি দেশটিতে প্রবেশের পর পিসিআর টেস্টও দরকার নেই।

তবে ভ্রমণ ভিসায় যাওয়া ব্যক্তিদের করোনা সংক্রমণজনিত চিকিৎসার জন্য ইন্স্যুরেন্স কাভারেজ থাকতে হবে।

করোনা প্রতিরোধমূলক জাতীয় পরিকল্পনা অংশ হিসেবে বুস্টারসহ টিকাদানের গুরুত্ব অব্যাহত থাকবে। পাশাপাশি দেশটিতে সুযোগ-সুবিধা পাওয়া, কাজ, অনুষ্ঠানের অংশগ্রহণ, বিমান ও গণপরিবহনের ক্ষেত্রে ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যগত অবস্থা যাচাই করার পদ্ধতি চালু থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত