প্রথম দুই দিন ছিল পাকিস্তানের। ইমাম উল হক ও আজহার আলির সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছিল স্বাগতিকেরা। তবে অস্ট্রেলিয়াও দারুণ জবাব দিয়ে যাচ্ছে।
৪ উইকেটে ৪৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। জবাবে রবিবার তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ ২ উইকেটে ২৭১।
দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার ১৫৬ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত গড়ে দেন দলকে। ওয়ার্নার ৬৮ রানের ফেরেন। পরে তিন নম্বরে নামা মারনাস লাবুশেনের সঙ্গে ৪৭ রান যোগ করে খাজা। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস হয়েছে খাজার। ১৫৯ বলে ১৫ চারে ৯৭ রান করেন তিনি।
লাবুশেন ৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। ২৪ রানে অপরাজিত আছেন স্টিভেন স্মিথ। তৃতীয় উইকেটে এখন পর্যন্ত ৬৮ রান যোগ করেছেন দুজন।
পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২০৫ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। আজহারের ১৮৫ ও ইমামের ১৫৭ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান।
১৯৯৮ সালের পর পাকিস্তানের মাটিতে এই প্রথম টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে সমান সংখ্যক ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা।
