দুর্নীতির কারণে পণ্যের মূল্য বেড়েছে : ফখরুল

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৩:১৩ এএম

আওয়ামী লীগের মন্ত্রী ও নেতাদের দুর্নীতির কারণে পণ্যের মূল্য বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও গ্যাস, পানি, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির একমাত্র কারণ দুর্নীতি। দেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না। তারা অতিষ্ঠ হয়ে উঠেছে।’

বিএনপির মহাসচিব বলেন, জনগণের নাভিশ্বাস উঠেছে। মানুষ আর পারছে না। নিত্যপণ্যের দাম বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ছে। ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য মানুষ খাবার কিনতে পারছে না। মানুষ নিরাপত্তা পাচ্ছে না। স্কুল-কলেজের বেতন বাড়ছে। স্কুল-কলেজের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তারাও চুরি করছেন।’

 তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের দুর্নীতির কোনো বিচার হয় না। শিক্ষামন্ত্রীর এলাকায় ভূমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতিরও বিচার হয় না। আজ সব ক্ষেত্রে দুর্নীতি।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিএনপি আন্দোলন শুরু করেছে। সারা দেশের জেলা, উপজেলা, থানায় থানায় কর্মসূচি পালন করছে। সেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মিলেমিশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পর্যন্ত আক্রমণ চালাচ্ছে।’

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল  হোসেন শ্যামলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, এবিএম মোশারফ হোসেন, নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দীন টুকু, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ-সভাপতি হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজ ছাত্রদলের ইউনিট কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে  প্রেস ক্লাবের সামনের সড়কে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে দুই ছাত্রদল কর্মীর মারামারিতে ফখরুলের ক্ষোভ: ছাত্রদলের সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য শুরু হওয়ার পরপরই মঞ্চের সামনে ছাত্রদলের দুই কর্মী মারামারিতে জড়িয়ে পড়ে। এতে প্রায় দুই মিনিট মঞ্চের সামনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে মির্জা ফখরুল আবার বক্তব্য শুরু করেন।

বক্তব্যের শুরুতে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এত সুশৃঙ্খল সমাবেশ। কিন্তু তোমরা তোমাদের নিজেদের ধৈর্য হারিয়ে ফেললে সেটা এই দলের জন্য ভালো হবে না, বসো। অনেকক্ষণ বক্তৃতা হয়েছে তো, আমরা সবাই বিরক্ত হয়ে পড়েছি ঠিক কি না? তাই না?’

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা ফখরুলের বক্তব্যের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক কর্মী এবং ঢাকা পশ্চিম ছাত্রদলের এক কর্মীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে সমাবেশের সামনের অংশে বিশৃঙ্খলা দেখা দেয়।

সমাবেশে একটা উচ্চাঙ্গ সংগীত সম্মেলনের পরিস্থিতি তুলে ধরে ফখরুল বলেন, ‘আজকে আমার অবস্থা হয়েছে সেই রকম। বড় বড় শিল্পীরা গান করেছেন, বক্তৃতা করেছেন। এত সুন্দর বক্তব্য রেখেছেন যে, মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। আর আমি যখন বক্তব্য রাখতে যাচ্ছি, তখন আমি দেখছিÑএখানে সবাই অস্থির হয়ে গেছেন। এখন আর কারও ধৈর্য নেই। এটাও কিন্তু একটা বিজ্ঞান? প্রত্যেকটি মানুষের মনোযোগ একটা বিজ্ঞান। এটা কিছুক্ষণ থাকে, তারপর আর থাকে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত