দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহসভাপতি আরমান হোসেনকে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মাধ্যমে এ দাবি জানান তিনি।
রিজভী অভিযোগ করে বলেন, ‘যুবদল নেতা আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর গত ৬ মার্চ কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। কিন্তু মুক্তির পরপরই জেল গেট থেকেই সাদাপোশাকের কয়েকজন নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত আরমানের পরিবার তার কোনো খোঁজ পাচ্ছে না। তাকে কোনো থানায় হস্তান্তর করা হয়নি বা তাকে আদালতেও হাজির করা হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’
রিজভী বলেন, ‘আরমান হোসেন আইন-শৃঙ্খলাবাহিনীর হাতেই রয়েছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে হবে।’
