দল গড়তে হিমশিম খাচ্ছে দ. আফ্রিকা

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১:২৯ পিএম

আইপিএলের সময় যেকোনো দ্বিপক্ষীয় সিরিজ মানেই জাতীয় দলগুলোর খেলোয়াড় হারানোর শঙ্কা। বাংলাদেশের সঙ্গে ১৮ মার্চ থেকে তিনটি ওয়ানডে তাদের। ৩১ মার্চ থেকে প্রথম টেস্ট। আইপিএল শুরু এর মাঝেই ২৬ মার্চ, যেখানে খেলবেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়াসহ দক্ষিণ আফ্রিকার ১১ জন ক্রিকেটার। রাবাদা, এনগিডি, নরকিয়ার মতো ক্রিকেটারদের আইপিএলের জন্য ছাড়লে নিশ্চিত করেই তা বাংলাদেশের বিপক্ষে সিরিজে প্রোটিয়াদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।

অধিনায়ক ডিন এলগার পড়েছেন সমস্যায়। আইপিএলে কারা কারা খেলবেন, আর কারা দেশের হয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবেন, নিজের সুবিধার জন্যই এটি জানা এলগারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ‘আমার নিজের বিবেচনার জন্যই জানা দরকার এটি। তাহলে আমি মানসিকভাবে প্রস্তুত হতে পারব, আইপিএলের জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমি আমার সেরা বোলারদের বেশিরভাগকেই পাচ্ছি না। যদি কাউকেই না পাই, তাহলে সেটি খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। আমি তো আমার সেরা দল ছাড়া মাঠে নামতে পারি না। যদি সেরা খেলোয়াড়দের না পাওয়া যায়, তাহলে আমাদের উচিত বসে ব্যাপারটি নিয়ে ভাবা।’

এলগারের ভাবনাটা খুব পরিষ্কার, ‘এটা ক্রিকেটারদের জন্য খুব কঠিন ব্যাপার। আবার এটা দিয়েই বোঝা যাবে একজন ক্রিকেটারের আনুগত্যের বিষয়টি। তাদের ভুলে যাওয়া উচিত নয়, দেশের হয়ে টেস্ট, ওয়ানডে খেলেই তারা আইপিএলে খেলার সুযোগ পাচ্ছে। আইপিএল খেলে তারা জাতীয় দলে সুযোগ পায়নি। আমি কোনোভাবেই চাই না, কেউ আইপিএল মিস করুক। কিন্তু আমি তারপরও আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটাকে বেশি গুরুত্ব দেব। সবারই মনে রাখা উচিত, আইপিএলের চেয়ে দেশের দায়িত্ব অনেক বড়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত