সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। গত রবিবার ডেইলি স্টার ভবনে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয় বলে গতকাল সোমবার সম্পাদক পরিষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
ঘোষিত নতুন কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন নিউএজ সম্পাদক নুরুল কবীর ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
এছাড়া কার্যনির্বাহী কমিটিতে থাকা পাঁচ সদস্য হলেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, আজকের পত্রিকা সম্পাদক ড. মো. গোলাম রহমান, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক এবং দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।
উল্লিখিতরা ছাড়াও রবিবারের সভায় উপস্থিত ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, ইনকিলাব সম্পাদক এমএম বাহাউদ্দিন, সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। এছাড়া ভার্চুয়ালিও সংযুক্ত ছিলেন সদস্যরা। সভায় নতুন সদস্য হিসেবে আজকের পত্রিকা সম্পাদক মো. গোলাম রহমান ও সহযোগী সদস্য হিসেবে সমকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফিকে অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন দেওয়া হয়।
প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ উদ্দিন আহমেদের অসুস্থতার কারণে সম্পাদক পরিষদের গত ১৪ ডিসেম্বরের সভাটি স্থগিত করা হয়। ২৫ ডিসেম্বর রিয়াজ উদ্দিন আহমেদ মারা যান। স্থগিত ওই সভাটি রবিবার হয়। সভার শুরুতে রিয়াজ উদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা ও তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মাহফুজ আনাম সংগঠনের সর্বশেষ কমিটিতেও সভাপতির দায়িত্বে ছিলেন। আগের কমিটির সাধারণ সম্পাদক পদত্যাগের সিদ্ধান্ত নিলে গত বছর আগস্ট থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দেওয়ান হানিফ মাহমুদ।
