জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ নিহাদের ওপর নির্যাতনের অভিযোগে বহিষ্কৃত চার শিক্ষার্থীকে নির্দোষ দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশ।
মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের নিচে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ।
মানববন্ধনে বক্তারা বলেন, তদন্ত সুষ্ঠু হয়নি। আরো তদন্ত হোক। ছাত্রলীগ করার কারণেই চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
‘ছাত্রলীগ বিরোধী’ প্রশাসনের এমন অবস্থান তারা মানেন না বলেও মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অভি সাব্বির, চারুকলা অনুষদ ছাত্রলীগের সভাপতি আসরাফ শুভ, আশরাফুজ্জামান পারভেজ, শান্ত প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনুগ্রহ করে আপনারা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মন্তব্যকে প্রাধান্য না দিয়ে তদন্ত করে সংবাদ করুন। আপনারা সত্যটা তুলে আনুন।
দ্রুত শাস্তি প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনে যাবে বলেও প্রশাসনকে হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেয়া ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের তদন্তের পর সিদ্ধান্ত জানিয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অভিযুক্তদের। তারা আজকের মধ্যে উত্তর দেবে। সেই উত্তর দেখে আমরা আমাদের (ছাত্রলীগের) অবস্থান জানাব।
তদন্তে অসন্তোষ, শাস্তি প্রত্যাহার এবং পুনঃতদন্তের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন নিয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, তদন্ত নিয়ে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীদের কোনো কথা, প্রস্তাব বা দাবি থাকে তাহলে তা লিখিত দিতে বলেছি। পাশাপাশি শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতেও আহ্বান জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে প্রশাসন কাজ করবে। প্রয়োজনে কঠোর হবে।
