গাইবান্ধা জেনারেল (সদর) হাসপাতালে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এবং সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করে নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) গাইবান্ধা জেলা শাখা। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, জেলার ২৫ লক্ষাধিক মানুষের উন্নত চিকিৎসার একমাত্র ভরসাস্থল জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি লেগেই রয়েছে। সেই সাথে শূন্য রয়েছে নার্স, প্যাথলজিস্টসহ অন্যান্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। তারা বলেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স বাড়াতে হবে। চিকিৎসাসেবার সঙ্গে জড়িত সকলকে জবাবদিহির আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে দেন নিচিচার সদস্যরা।
