দেশে এক দিনে করোনার রোগী ও শনাক্তের হার বেড়েছে। পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৪৬ জন আর মারা গেছেন ৭ জন। শনাক্তের হার ছিল ২ দশমিক ২৩ শতাংশ। এর আগে গত সোমবার রোগী শনাক্ত হয় ৪৩৬ জন আর মৃত্যু হয় ৪ জনের। সেদিন শনাক্ত হার ছিল ২ দশমিক ১৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন এবং মোট মারা গেলেন ২৯ হাজার ৯৬ জন। গতকাল মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ১৫৪টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।
অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন আর নারী ২ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৭৪ জন আর নারী মারা গেলেন ১০ হাজার ৫২২ জন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১ জন এবং ৩১ থেকে ৪০ বছররের মধ্যে আছেন ১ জন । মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬ জন। বাকি ১ জন সিলেট বিভাগে মারা গেছেন। মারা যাওয়া আটজনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন আর বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১ জন।
