বইমেলায় নজরুল ইসলামের উপন্যাস ‘তিনশ পয়ষট্টি দিন’

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৪:১০ পিএম

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ডা. নজরুল ইসলামের লেখা উপন্যাস ‘তিনশ পয়ষট্টি দিন’। বইটি প্রকাশ করেছে ঝালকাঠি পাবলিকেশনস। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের ১২ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে।

‘তিনশ পয়ষট্টি দিন’ উপন্যাসে যেমন উঠে এসেছে গ্রামীণ জনপদের সূক্ষ্মাতিসূক্ষ্ম সৌন্দর্যের সরল বর্ণনা, তেমনই সময়ের ধারাপাতে গ্রামীণ আর্থসামাজিক অবকাঠামোর পরিবর্তনের প্রভাব কতটা সুদূরপ্রসারী হয়েছে, কেমন ভাঙন ধরেছে সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধে তাও ফুটিয়ে তুলে ধরা হয়েছে সহজাত সরলতায়।

ডা. নজরুল ইসলাম উপন্যাসে পারিবারিক মায়া-মমতার বন্ধনের গুরুত্ব পারস্পরিক সহমর্মিতার আশ্বাস কি করে একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে তার প্রকাশ ঘটিয়েছেন অসামান্য মানবিক অনুভবে। তিনি জীবনে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন হয়তো, তবু তার মন থেকে হারিয়ে যায়নি সংবেদনশীলতা, রোমান্টিকতা, প্রেমানুভব।

উপন্যাসটিতে শফিক যূথীর ছোট ছোট অনুভূতির প্রকাশে অনুপম মুনশিয়ানা দেখিয়েছেন লেখক। আলম মৃধা, নুরু মাস্টার, দেলোয়ার, ঊর্মি সহ প্রতিটি চরিত্রের প্রতি সুবিচার করেছেন লেখক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত