রূপায়ণ হাউজিংয়ের পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জে শুরু হয়েছে আবাসন মেলা। বুধবার শহরের চাষাঢ়া টাউন হল প্রাঙ্গণে চার দিনব্যাপী মেলা শুরু হয়েছে।
জেলা রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় মেলায় ২৫টির মতো কোম্পানি স্টল বরাদ্দ নিয়েছে। এর মধ্যে সবচে আকর্ষণীয় স্টল (১ ও ২) হচ্ছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের।
বুধবার বিকেলে মেলা শুরুর প্রাক্কালে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ, রূপায়ণ সিটি ভূইগড়ের জিএম নাসিরউদ্দিন, রহিমা আক্তার লিজা প্রমুখ।
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন আহমেদ বলেন, দেশের আবাসন ক্ষেত্রে বড় অবদান রেখে আসছে রূপায়ণ হাউজিং এস্টেট। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে দেশের প্রথম এবং আধুনিক স্যাটেলাইট টাউন প্রতিষ্ঠিত হয়েছে ভূইগড় এলাকায়। যেখানে ৯শর বেশি ফ্ল্যাট ও ভিলা তৈরি করে সর্বসাধারণের মাঝে বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া নগরীর তোলারাম কলেজের সামনে ও মাসদাইরে রূপায়ণ হাউজিংয়ের দুটি বিশাল প্রজেক্ট চলমান রয়েছে। মেলায় ফ্ল্যাট বুকিং দিলে বিভিন্ন অফার এবং উপহার সামগ্রী রয়েছে গ্রাহকদের জন্য।
নারায়ণগঞ্জ রিয়েল স্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার জানান, আবাসন খাতের উন্নয়নে কাজ করছে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন। আমরা দৃঢ়ভাবে সংকল্পিত শহরের আবাসন অধিকতর উন্নয়ন সেবা প্রদানের জন্য সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, এ কে এম শামীম ওসমান, মেয়র সেলিনা হায়াত আইভী এবং আমাদের ব্যবসায়িক অভিভাবক নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট খালেদ হায়দার খান কাজল সার্বক্ষণিক সহযোগিতা করে আসছেন। যার সুফল ইতিমধ্যে অ্যাসোসিয়েশন ভোগ করছে এবং শৃঙ্খল ভাবে আবাসন ব্যবসা পরিচালনা করছে।
এবারের আবাসন মেলা ৪ দিনব্যাপী (৯, ১০, ১১ ও ১২ মার্চ) অনুষ্ঠিত হবে। মেলায় পৃষ্ঠপোষকতা করে নারায়ণগঞ্জের আবাসন খাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়তা করেছে রূপায়ণ হাউজিং। এ জন্য গ্রুপের চেয়ারম্যান জনাব লিয়াকত আলী খান মুকুলসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
