ঠাকুরগাঁওয়ে তথ্যমন্ত্রী

পরাজয়ের শঙ্কায় বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে

আপডেট : ১০ মার্চ ২০২২, ০২:৪২ এএম

গত ১৩ বছরে বাংলাদেশ বদলে গেছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেছেন, ‘সরকারের উন্নয়নের কারণে রাজনৈতিক পরাজয়ের শঙ্কায় বিএনপি দোসরদের নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে ঠাকুরগাঁও জেলা পরিষদের হল রুমে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আগের তুলনায় মানুষ এখন অনেক ভালো আছেন। এ উন্নয়ন পছন্দ হয় না বলেই বিএনপি ও তাদের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’

হাছান মাহমুদ বলেন, ‘বাঙালির সমস্ত অর্জন এসেছে আওয়ামী লীগের হাত ধরে। বাঙালির স্বাধীনতার সংগ্রামে নেতৃত্বে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুলরা নয়াপল্টনে খান, সেখানেই ঘুমান। কার্যালয়ে থাকতে থাকতে তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে। ফলে দেশের প্রকৃত অবস্থা জানেন না। আমরা সারা দেশ বিচরণ করি, আমরা জানি করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে দু-একটি পণ্যের দাম কিছুটা বেড়েছে। বিএনপিপন্থি ব্যবসায়ী সিন্ডিকেটও এজন্য দায়ী। যেসব অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে দাম বাড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনথ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত