বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত মঙ্গলবার যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে সেনাপ্রধানকে কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ পরিয়ে দেন কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার।
এর মধ্য দিয়ে সেনাবাহিনীপ্রধান কর্নেল কমান্ড্যান্ট হিসেবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী কোর অব সিগন্যালসের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনীপ্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত সবার উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সে সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
