গাজীপুরের শ্রীপুরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় এক ছাত্রী বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বরমী কেন্দুয়া বালুঘাট এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে আহত ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।
খবর পেয়ে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে। এ ঘটনায় হত্যা চেষ্টার মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত ছাত্রী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
অভিযুক্ত যুবকের নাম মামুন মিয়া (২৫); তিনি একই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা।
আহত শিক্ষার্থীর স্বজনরা জানায়, দেড় মাস আগে পারিবারিকভাবে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মামুন। কিন্তু বিয়ের প্রস্তাবে ওই ছাত্রী ও তার পরিবার রাজি হয়নি। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পর থেকে কলেজ যাওয়া আসার সময় ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় মামুন ওই ছাত্রীর পথরোধ করেন। পরে আচমকা উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল আহসান জানান, ছুরিকাঘাতে আহত কলেজ ছাত্রী আপাতত শঙ্কামুক্ত। ছাত্রীর শরীরে তিনটি আঘাত করা হয়েছে। বেশ রক্তক্ষরণ হয়েছিল।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতেই থানায় মামলা হয়েছে। আহত ছাত্রীর চিকিৎসা চলছে। মামলার পরবর্তী আইনগত ব্যবস্থার মাধ্যমে আসামিকে ধরতে পুলিশ কাজ শুরু করবে।
