বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে আবু কালাম চৌকিদার (৬৫) নামে এক বৃদ্ধের কান কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল শুক্রবার দুপুরে বরইতলা গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধের কান কাটায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও আহত বৃদ্ধের স্বজনরা জানায়, গতকাল দুপুরের দিকে বোরো ধানের পরিচর্যা ও ওষুধ দিতে নিজের জমিতে যান বৃদ্ধ আবু কালাম। এ সময় জমি নিয়ে আগের বিরোধের জেরে স্থানীয় রাসেল, গনি ও আলমগীরসহ ৭-৮ জন তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। মারধরের ফলে আবু কালামের মুখের দুটি দাঁত পড়ে যায়। এছাড়া তার কান কেটে নেয় দুর্বৃত্তরা। আবু কালামকে মারধরের সময় তার স্ত্রী শাহানা বেগম ছুটে এসে বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে শাহানা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আবু কালাম দম্পতিকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কালামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হামলার বিষয়ে আবু কালামের ছেলে আরিফ বলেন, ‘প্রতিবেশী রাসেলের সঙ্গে জমিজমা নিয়ে আমাদের ঝামেলা আছে। তারই জের ধরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একই সঙ্গে আমার মাকেও পিটিয়ে আহত করেছে তারা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
হামলার অভিযোগের বিষয়ে জানতে রাসেলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘উভয়পক্ষের লোক আহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গণী নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
