সাকিবের আশা, দ. আফ্রিকার প্রাকৃতি সৌন্দর্যে মানসিক ধকল কাটবে

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৪:০৮ পিএম

সিদ্ধান্ত পাল্টে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব আল হাসান। শনিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

বিসিবির তিন ফরম্যাটের চুক্তিতে আছেন সাকিব। দেশসেরা অলরাউন্ডারও জানালেন, সামনের দিনগুলোতে প্রত্যেক ফরম্যাটে দেখা যাবে তাকে।

গত বুধবার দ. আফ্রিকা সিরিজসহ সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে ছুটি দেওয়ার কথা জানায় বিসিবি। প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে থাকা টাইগাররাও উড়াল দিয়েছেন ইতোমধ্যে।

এবার সাকিবও সরে এলেন ছুটির সিদ্ধান্ত থেকে। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে তিনি উড়াল দেবেন রবিবার। সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, মানসিক ধকল কাটাতে দ. আফ্রিকা সফরে যেতে চান তিনি।

৩৪ বছর বয়সী অলরাউন্ডার সাংবাদিকদের জানান, কোনো জিনিস তো আসলে এক-দুই দিনে পরিবর্তন করা সম্ভব না। এখন অনেক ভালো অবস্থায় আছি।’

সাকিব বলেন, ‘দ. আফ্রিকার প্রাকৃতিক সৌন্দর্যে গেলে হয়তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেক সময় হয় তো, না? ভিন্ন জায়গায় গেলে মানসিক  অবস্থার অনেক পরিবর্তন হয়। আশা করি, তেমন কিছু হবে এবং দলের জন্যও ভালো পারফর্ম করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত