আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্বে দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। শনিবার (১২) এই খবর নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
বিরাট কোহলির বদলে বেঙ্গালুরুর দায়িত্ব নিলেন ডু প্লেসি। আইপিএলের গত মৌসুম শেষে অধিনায়কত্ব ছাড়েন ভারতীয় ব্যাটার।
বিদায়ী অধিনায়ক কোহলি বলেন, ‘ফাফ ও দলের জন্য আনন্দিত না হয়ে পারি না। সে আমার ভালো বন্ধু ও আমরা খুব ভালোভাবে মিশি। এক ভালো মৌসুমের অপেক্ষায়।’
বেঙ্গুলুরুর সপ্তম অধিনায়ক হলেন ডু প্লেসি। রাহুল দ্রাবিড়, কেভিন পিটারসেন, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেট্টরি, কোহলি ও শেন ওয়াটসনের পর নেতৃত্ব উঠল এই প্রোটিয়া ব্যাটারের হাতে।
তাদের মধ্যে আরসিবি’কে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার নেতৃত্বে বেঙ্গালুরু ১৪০ ম্যাচে জিতেছে ৬৪ ম্যাচ, হার ৬৯ ম্যাচে। ৩ টাইয়ের পাশাপাশি ও ৪ ম্যাচে কোনো ফল হয়নি। তার জয়ের হার ৪৮.১৬ শতাংশ।
আইপিএলে এবারই প্রথম কোনো দলকে নেতৃত্ব দেবেন ডু প্লেসি। এর আগে জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্জাইজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। আইপিএলে তিনি এখন পর্যন্ত ১০০ ম্যাচ (৯৩ ইনিংস) খেলেছেন। এবারের মেগা নিলামে তাকে দলে নেয় বেঙ্গালুরু।
