টাঙ্গাইলের সখীপুরে সৌদি ফেরত খোকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী রুপা আক্তার (২৬)।
শুক্রবার সকালে উপজেলার দাঁড়িয়াপুর নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
আহত ওই প্রবাসীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের উত্তর পাড়া এলাকার ইসমাইল হোসেনের মেয়ে রুপার সঙ্গে একই গ্রামের নয়াপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে খোকনের বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।
খোকন মিয়া দীর্ঘ দিন সৌদি আরবে থাকার পর এক মাস আগে বাড়ি ফেরেন। বাড়ি আসার পর থেকেই তাদের পরিবারে টাকা-পয়সার হিসাব নিয়ে ঝগড়া লেগে থাকতো।
শুক্রবার ভোরে খোকনের বিশেষ অঙ্গ কেটে তার স্ত্রী রুপা পালিয়ে যান। এ সময় খোকনের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় খোকনের বাবা সোনা মিয়া বাদী হয়ে রুপা, রুপার মা হেলেনা বেগম ও বাবা ইসমাইল হোসেনকে আসামি করে সখীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, রুপা তার স্বামীর গোপনাঙ্গ কেটে ৮ ভরি স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
