নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডের শ্রমিক দম্পতি ঘটনাস্থলে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন।
নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীর হাটে রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্বপন রায় (২৭) ও তার স্ত্রী সুমি রানী (২৩)। তাদের বাড়ি জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়িতে। তারা উত্তরা ইপিজেডের সনিক ফ্যাক্টরির শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্ট ভর্তি একটি দশ চাকার ট্রাক (কুষ্টিয়া-ট- ১১-২২৭৫) নীলফামারী যাচ্ছিল। কাজিরহাটে সড়ক মেরামতের কাজ চলায় ট্রাকটি ধীরে ধীরে চলছিল। এ সময় এক নারীসহ তিন শ্রমিক একটি মোটরসাইকেলে করে ইপিজেডে যাচ্ছিলেন। তারা ট্রাকের পেছনে পেছনে আসছিলেন।
হঠাৎ করে মোটরসাইকেলটি ট্রাকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হন। ‘ভাগ্যক্রমে’ অক্ষত অবস্থায় বেঁচে যান চালক দিনাজপুরের চিরিরবন্দর এলাকার সুকুমার রায় ওরফে সতীশ (২৮)।
দুর্ঘটনা এলাকার সংগলশী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান জানান, ঘটনার সময় ট্রাক চালকের কোন দোষ ছিল না। ফলে চালক ট্রাকটি থামিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, নিহতদের লাশ ও ট্রাক থানায় নিয়ে আসা হয়েছে।
