বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা করতে চায় দক্ষিণ কোরিয়া। গতকাল রবিবার সচিবালয়ে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে এ তথ্য জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত লি জাং কিউন। এসময় বাণিজ্যমন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার তাগিদ দেন।
কোরিয়ায় রাষ্ট্রদূত বলেছেন, বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে তার দেশ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য এখন বাংলাদেশের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এটা আরও বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশে গাড়ি তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে কোরিয়া।
টিপু মুনশি বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে কোরিয়ার সঙ্গে এফটিএ করতে চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে এ জন্য কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তাব দেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেছেন, বর্তমানে তৈরি পোশাক, ইলেক্ট্রনিক এবং অন্যান্য খাতে কোরিয়ার বিনিয়োগ রয়েছে। বেশ কিছু কোম্পানি বাংলাদেশে কাজ করছে।
আবার বাংলাদেশের তৈরি পোশাক কোরিয়ায় রপ্তানিও হচ্ছে। এভাবে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ ক্রমাগত বাড়ছে। কিন্তু বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে কোনো চুক্তি নেই। এই চুক্তি থাকলে ভবিষ্যতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে। এ জন্য মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কথাও বলেন মন্ত্রী। গত অর্থবছর ৩৯ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ডলারের পণ্য কোরিয়ায় রপ্তানি করেছে বাংলাদেশ। একই সময়ে আমদানি করেছে ১১২ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য।
