‘জমি বিক্রি করে দেনা শোধ করবেন’ লিখে যুবকের আত্মহত্যা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ০৫:৫৭ পিএম

বাগেরহাটের শরণখোলায় ঋণের বোঝা সইতে না পেরে কীাটনাশক ট্যাবলেট সেবন করে আব্দুল্লাহ হক (৩০) নামের এক যুবক চিঠি লিখে আত্মহত্যা করেছেন।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তবে ওই যুবক কত টাকা ঋণী হয়েছিলেন তা তার লেখা চিরকুটে উল্লেখ করেননি। দেনার দায়ে তিনি হতাশায় পড়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পুলিশ ধারণা করছে।

আব্দুল্লাহ ওই গ্রামের প্রয়াত আব্দুল হাসেম পেয়াদার ছেলে ও নলবুনিয়া বাজারে তার একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে।

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, শোনা যাচ্ছে আব্দুল্লাহ ঋণগ্রস্ত হয়ে বেশ কিছু দিন ধরে হতাশায় ভুগছিলেন। রবিবার রাত ১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি গিয়ে একটি চিঠি লিখেন।

ওই চিঠি তিনি লিখেছেন, ‘আমি মো. আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন। আমার জমি-জমা বিক্রি করে সবার দেনা শোধ করে দেবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দেবেন না। এরপর যে জমি থাকবে তাতে আমার স্ত্রী ও মেয়ে থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটা আমার দাবি। সবাই স্বার্থপর শুধু আমি নয়। ইতি মো. আব্দুল্লাহ।’

স্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস।’

চালের পোকা দমনে ব্যবহার করা কীটনাশক ট্যাবলেট খান আব্দুল্লাহ। এ সময় তার স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে তার চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বিকেলে এই প্রতিবেদককে বলেন, নলবুনিয়া গ্রামের আব্দুল্লাহ হক নামের এক যুবক ঘরে রাখা চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে তার স্ত্রী ঠিক পেয়ে প্রতিবেশীদের ডেকে আব্দুল্লাহকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, তিনি বেশকিছু টাকা ঋণ নিয়েছিলেন। যা তার লেখা চিরকুটে উল্লেখ রয়েছে। তবে আমি এখনো কোনো চিঠি হাতে পাইনি। সেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। দেনার দায়ে হতাশায় পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

‘এই ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত