চাঁদপুরে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০২:৫৯ পিএম

চাঁদপুরে অপহরণ হওয়া ব্যবসায়ী হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ড রোডে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা।

হান্নান মৃধা চাঁদপুর পৌর ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। তিনি ওই এলাকার ভ্যারাইটিজ দোকানি ছিলেন।

এদিকে সড়কে অবরোধ করায় শহরের দুই পাশের দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্স ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, আমার কাকাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েও বিচার পাইনি। এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলতে থাকবে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, আপনারা যে দাবি নিয়ে সড়কে নেমেছেন, তার বিচারের জন্য আমাদের সময় দিতে হবে। পুলিশ জনগণের জন্যই কাজ করে। আমরা তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।  তার জন্য সকলের সহযোগিতা করতে হবে।

উল্লেখ, গত ১ মার্চ হান্নান তার শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডে তার নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। পরদিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় নিখোঁজ জিডি করে পরিবার। এরপর ৬ মার্চ একটি নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা বেনাপোলে আসতে বলে। তাদের দাবি মতে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হয়। টাকা পাঠানোর পর তাদের নম্বর বন্ধ করে দেয়।

সর্বশেষ ১৩ মার্চ রোববার বেনাপোল সীমান্ত এলাকায় হান্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে হান্নানের পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত