‘৪-৫ দিনের জন্য’ মরকেলকে নিয়োগ দিয়েছে বিসিবি

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০৮:৪৯ পিএম

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে বাংলাদেশ দল। ওয়ানডে স্কোয়াডের সদস্যরা জোহানেসবার্গে অনুশীলন করছেন। সাবেক প্রোটিয়া তারকা অ্যালবি মরকেল সেখানে টাইগার ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন।

ওয়ানডে সিরিজের জন্য মরকেলকে জাতীয় দলের পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থার অন্যতম পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মরকেলকে আমরা আসলে ৪-৫ দিনের জন্য নিয়েছি। ওয়ানডেতে শুধু পাওয়ার হিটিং ট্রেনিংয়ের জন্য।’

বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সুজন আরো বলেন, ‘যেহেতু ওর (মরকেল) অভিজ্ঞতা এখানে অনেক, এটার জন্যই। হেড কোচও চায় ও থাকুক আমাদের সঙ্গে। এ জন্য ওয়ানডে সিরিজে রাখব আমাদের সঙ্গে।’

সম্প্রতি বাংলাদেশের কোচিং প্যানেলে বেশ কিছু নতুন মুখ যোগ হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অ্যালান ডোনাল্ডকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জেমি সিডন্স।

দক্ষিণ আফ্রিকার হয়ে এক টেস্ট, ৫৮ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলা মরকেল টাইগারদের প্রথম পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত