শিক্ষা একটি দেশ ও জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পুথিগত শিক্ষার পাশাপাশি নিজেকে জ্ঞানগর্ভসহ নানা বিষয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।
আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাসহ ক্রীড়া, সংস্কৃতি ও গবেষণাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে উন্নত করে তুলেছে। নতুন প্রজন্ম যেন শিক্ষাসহ সর্বক্ষেত্রেই জ্ঞান অর্জনে দক্ষ হয়ে উঠে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ নিবে।
মঙ্গলবার প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলা অফিসের নবনির্মিত ৫ম তলা ভবন, ৯ নং আস্করপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সুন্দরা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন হুইপ। ওই সময় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ইকবালুর রহিম।
পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনুর ইসলাম, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর সদর উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন, সাবেক চেয়ারম্যান ইসহাক চৌধুরী, সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, সুফিয়া বেগম, মেসার্স মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শেখ মো. শাহ আলমসহ অন্যরা।
