ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ময়নামতি থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ৫০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকেরা।
মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর অংশে এক কিলোমিটার রাস্তা বন্ধ করে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তা সংস্কারের কাজ শুরু করে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
জানা গেছে, মহাসড়কের দাউদকান্দি রায়পুর অংশে ঢাকাগামী লেনে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সকাল থেকে সংস্কার কাজ শুরু করে সওজ। এ কারণে সড়কের একই অংশে দুই দিকের গাড়ি চলাচল করে। এতে যানজটের সৃষ্টি হয়।
বাস চালক রকিব মিয়া বলেন, দেড় ঘণ্টা ধরে এক কিলোমিটার জায়গায় আটকে আছি।
মিনি ট্রাক চালক সহিদুল ইসলাম মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দুই ঘণ্টা আটকে থাকার কথা জানান।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক বলেন, এক লেন বন্ধ করে মহাসড়কে রায়পুর অংশে সংস্কার কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা দেশ রূপান্তরকে বলেন, সড়কের অবস্থা বেহাল। তাই দাউদকান্দির অংশে সংস্কার কাজ হাতে নিয়েছি। এ ছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ চলবে।
