সিনেমার সঙ্গে রাজনৈতিক রং লাগা কোনও নতুন ঘটনা নয়। তবে, বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে ভারতে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ‘বিজেপির ছবি’ হিসেবে আখ্যা দিয়েছে সোশ্যাল মিডিয়ার বড় একটা অংশ। আসলে বিজেপিশাসিত রাজ্যগুলোতে সিনেমাটিকে করমুক্ত করা হয়েছে দেখেই এই তকমা দেওয়া হয়েছে।
কংগ্রেসসহ ভারতের অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোও প্রথম থেকেই ছবিটির সমালোচনা করছে। বুধবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার নাম না নিয়েই কটাক্ষ করতে দেখা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাকেও। নিজস্ব ঢঙে বার্তা দিলেন তিনি ছবি নিয়ে।
বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় মমতা বলেন, ‘কেউ এই সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না’।
তাকে আরও বলতে শোনা যায়, ‘ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানায়। দেখবেন না। বিশ্বাসও করবেন না’।
অনুদিকে, ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ছবির প্রশংসা করছেন ব্যাপক।
প্রসঙ্গত, বলিউডের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে বিবেক অগ্নিহোত্রি পরিচালিত এই ছবি।
