নিরস্ত্র মানুষদের আশ্রয়স্থলেও বোমা হামলা রুশ বাহিনীর

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০৮:৩৭ পিএম

দেখতে দেখতে ২২ দিন হয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। যুদ্ধে ভ্য়াকুয়াম বোমা ও ক্লাস্টার বোমার মতো নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। সেই সঙ্গে ইউক্রেনীয়দের অভিযোগ, হাসপাতাল থেকে শুরু করে স্কুলেও গোলবর্ষণ করছে রুশ সেনারা।

বৃহস্পতিবার রুশ গোলায় গুঁড়িয়ে গেছে একটি থিয়েটার। জানা গেছে, সেখানে আশ্রয় নিয়েছিলেন বহু সাধারণ নাগরিক। এমন পরিস্থিতিতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘পুতিন একজন যুদ্ধাপরাধী’।

মারিওপোলের ওই তিনতলা বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বহু শরণার্থী। সেই বাড়িটি গুঁড়িয়ে যাওয়ার একটি ছবি ছড়িয়ে পড়েছে। যাকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। ওই বাড়ির সামনের ফুটপাথ এবং বাড়িটির পিছন দিকে বড় বড় করে ‘শিশু’ লেখা ছিল। তবুও রেহাই দেয়নি রাশিয়া। আশঙ্কা, এখনও ওই থিয়েটারের ভেতরে অনেকেই আটকে পড়েছেন।

এছাড়া মারিওপোলের একটি সুইমিং পুল কমপ্লেক্সেও হামলা চালিয়েছে রাশিয়া। দোনেৎস্কের প্রশাসনিক প্রধান কিরিলেঙ্কোর দাবি, সেখানে অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা ছিল। ওই হামলায় কতজন মারা গেছেন, তা এখনও জানা যায়নি। এমন উদাহরণ আরও রয়েছে। মারিওপোলে ইতিমধ্যেই প্রায় আড়াই হাজার সাধারণ মানুষ মারা গেছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ব্রিটেন দাবি করেছে, রাশিয়া ইউক্রেনে যা করছে তা যুদ্ধাপরাধ। সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।

এর আগে মঙ্গলবার রুশ আগ্রাসনের নিন্দা করে সর্বসম্মত ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলে ঘোষণা করে মার্কিন সিনেট। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর্ন্তজাতিক অপরাধ আদালত এবং বাকি দেশগুলো সঙ্ঘাতের সময় ঘটা অপরাধগুলোতে রাশিয়ার সেনাবাহিনীর ভূমিকা নিয়ে উপযুক্ত তদন্ত চালাবে। অন্যদিকে, রাশিয়াকে অবিলম্বে যুদ্ধ থামানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত