সবাই মেদহীন শরীর চান। এজন্য ব্যায়াম ও ডায়েটে অনেক ব্যয়ও করেন অনেকে। তবে মেদহীন সুস্থ শরীর পেতে সবার আগে জরুরি জীবনযাপনের অভ্যাস পাল্টানো। পাশাপাশি কিছু টোটকাও কাজে আসতে পারে। যেমন : বেশ কিছু মসলা আমাদের রান্নাঘরেই আছে, যেগুলো ওজন বাড়তে দেয় না। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
হলুদ : হলুদের কারকিউমিন যৌগ শরীরের মেটাবলিজম প্রক্রিয়া সক্রিয় করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে মেদ বাড়ার সম্ভাবনা কমে।
জিরা : রান্নার স্বাদ যেমন বাড়ায়, তেমনই হজমের সমস্যা দূর করে। এ মসলা বাতের নানা সমস্যাও কমায়। আর শরীরে অবাঞ্ছিত মেদ জমতে বাধা দেয়।
মেথি : মেথিতে থাকে উপকারী থিয়ামিন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক ও ভিটামিন-এ, বি ও ই। ওজন ঝরাতে প্রতিদিন মেথি ভেজানো পানি ও মেথি ভাজা খাওয়া যেতে পারে। এ ছাড়া ডায়াবেটিস ও বাতের সমস্যা দূরে রাখতেও মেথির ভূমিকা অনস্বীকার্য।
গোলমরিচ : একাধিক গবেষণায় দেখা গেছে, গোলমরিচে থাকা পিপারিন যৌগ ফ্যাট সেল বাড়তে বাধা দেয়। এ ছাড়া গোলমরিচে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ফ্যাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদানও রয়েছে।
দারুচিনি : স্থূলকায় ব্যক্তিদের বেশি ক্ষুধা পায়। আর দারুচিনি ক্ষুধা কমাতে সাহায্য করে। এ ছাড়া দারুচিনিতে থাকা পলিফেনল যৌগ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
সরিষা : মেটাবলিজম প্রক্রিয়াকে প্রভাবিত করে সরিষা।
এ ছাড়া সরিষায় থাকা নিয়াসিন রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
