মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার আবেদনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল মিথ্যা তথ্য দিয়েছেন অভিযোগ করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারের একজন মন্ত্রী (অর্থমন্ত্রী) হিসেবে ভুয়া তথ্য দেওয়াকে অপরাধমূলক কাজ বলে মনে করা হয়। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার প্রচেষ্টার দায়ে সভায় স্থায়ী কমিটির সদস্যরা তার পদত্যাগ দাবি করেছেন। মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত পোষণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তীকরণের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হচ্ছে। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবিলম্বে তালিকাভুক্ত করা হোক।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পালিত হওয়ায় সভায় সন্তোষ প্রকাশ করা হয় এবং আসন্ন রমজান মাসের আগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া সভায় গত ৫ মার্চ কুষ্টিয়ায় ভারতীয় সীমান্তে বিএসফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
