বাস-মাইক্রোবাস সংঘর্ষে নরসিংদীতে নিহত ৩

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০২:৩২ এএম

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। একই দিন রাজবাড়ীতে ট্রাক ও তিন চাকার মাহিন্দ্রের সংঘর্ষে প্রাণ গেছে আরও তিনজনের। এছাড়া নাটোরে সড়ক দুর্ঘটনায় একজন, গোপালগঞ্জে একজন নিহত হয়েছে। এছাড়া বুধবার রাতে মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক দম্পতির। এসব দুর্ঘটনায় মোট ১০ জন নিহতের পাশাপাশি আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

 ভৈরব হাইওয়ে পুলিশের বরাতে নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, রায়পুরে নিহত তিনজনই মাইক্রোবাসে ছিলেন। এ ঘটনায় মাইক্রোবাসের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত তিনজন হলেন পাবনার আমিনপুর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের মাইক্রোবাসচালক নরসিংদীতে নিহত ৩ আবুল কালাম আজাদ (৫৩), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পশ্চিম এরহা গ্রামের আবুল হোসেন (৫০) ও পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার পুতলা গ্রামের ইউনুস মিয়া (৫৫)।

 ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার ভোররাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পত্রিকাবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয়। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা নরসিংদী ও ভৈরবের দুটি হাসপাতালে চিকিৎসাধীন। ওসি খালেদ মাহমুদ খান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর নামক এলাকায় ট্রাক ও ত্রি-হুইলার (মাহিন্দ্র)-এর সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল দুপুরের এই দুর্ঘটনায় নিহতরা হলেন মাহিন্দ্র চালক মো. সুজন এবং যাত্রী মমিন ও সাইফুল। সুজন গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে। সাইফুল মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা এবং মমিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন জনের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

নাটোর প্রতিনিধি জানিয়েছেন, জেলার বড়াইগ্রামে নছিমনের চাপায় শহিদুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টায় উপজেলার মৌখাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল একই উপজেলার রেজুর মোড় উত্তরপাড়া গ্রামের মৃত মোশাহেদ আলীর ছেলে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, শহিদুল ইসলাম সকালে বাইসাইকেলযোগে বাড়ি থেকে মৌখাড়া বাজারে যান। সেখানে নছিমন তার সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় শহিদুল মাটিতে পড়ে গেলে নছিমনটি তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিত্যানন্দ বিশ্বাস (৪২) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন আহত হন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নূর সোলেমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিহত নিত্যানন্দ যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

দিনাজপুরের ফুলবাড়ীতে চাকা ফেটে ৩টি দোকানে ট্রাক ঢুকে গেলে দুজন আহত হয়েছেন। গতকাল দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর নামক স্থানে গতকাল ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

এদিকে গত বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। বুধবার রাতে পৌর এলাকার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম (৩৫) ও ফারজানা ইসলাম (৩০) গ্রামীণ ব্যাংকে একই শাখায় চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের বাড়ি পটুয়াখালী জেলায়। মনিরুল ইসলাম শরীয়তপুর গ্রামীণ ব্যাংকের ডোমসার শাখার ব্যবস্থাপক ও স্ত্রী ফারজানা আক্তার ওই শাখার কেন্দ্রীয় ব্যবস্থাপক ছিলেন। তারা দুজনই তিন দিনের সরকারি ছুটি পেয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত