রোববার দেশে আসছে আজিজুর রহমানের মরদেহ

আপডেট : ১৯ মার্চ ২০২২, ০৯:৪৭ পিএম

‘ছুটির ঘণ্টা’খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমানের মরদেহ দেশে আনা হচ্ছে। ২০ মার্চ, রোববার দুপুরে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই গুণী পরিচালকের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, ‘আজিজ ভাইয়ের মরদেহ আগামীকাল দুপুরে ঢাকায় পৌঁছাবে। আমরা সেখান থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ গ্রহণ করে এফডিসিতে নিয়ে আসবো। উনার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর এফডিসিতে জানাজা অনুষ্ঠিত হবে।’

জানা যায়, এফডিসি থেকে আজিজুর রহমানের মরদেহ নেওয়া হবে তার ঢাকার বাসা ধানমন্ডিতে। সেখানে বায়তুল আমান জামে মসজিদে বাদ মাগরিব আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হবে তার গ্রামের বাড়ি বগুড়ার সান্তাহারে। সেখানে এই কিংবদন্তি নির্মাতার ইচ্ছায় তার মায়ের কবরে তাকে চিরশায়িত করা হবে।

১৪ মার্চ কানাডার টরোন্টোতে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন। তার পুরো পরিবারই ছিল সেখানে। আজিজুর রহমানের স্ত্রী ও দুই সন্তান কানাডা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। এরই মধ্যে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তাদের সঙ্গে দেখা করতে গেছেন গাজী মাজহারুল আনোয়ার ও রোজিনাসহ বেশ কয়েকজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত