দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার, হইচইয়ের মতো কিছু হয়নি: কৃষিমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৬:১১ পিএম

দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার বা হই চইয়ের মতো কিছু হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, করোনা মহামারীর কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। কিন্তু এ নিয়ে দেশে এমন কোনো কিছু তৈরি হয়নি যে দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার, একটি হইচই এমন কিছু নয়।

তিনি বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা মনে করছে দ্রব্যমূল্যের সামান্য কিছু ঊর্ধ্বগতির জন্য দেশের একটা অরাজকতা সৃষ্টি করবে, রাজনৈতিকভাবে অস্থিতিশীল তৈরি করবে।

কৃষিমন্ত্রী বলেন, আগামী দুই বছর পর নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে বিরোধী দল নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা নানা ধরনের মিথ্যাচার করছে। আমি মনে করি, এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে।

রোববার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সব সময় মানুষের পাশে ছিলেন। আমরা আজকে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্পমূল্যে জিনিসপত্র দিচ্ছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। দেশে কোনো হাহাকার হবে না, তারা কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবে না। আমরা খুব সচেতন। প্রয়োজনে আরো খাদ্য ও অন্যান্য সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াব।

মন্ত্রী বলেন, এ নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করবে। আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচনকে সহযোগিতা করা। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, দেশে অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তারা যেভাবে কাজ করছে তাদের এই স্বাধীনতা অব্যাহত থাকবে। তারা স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারবে। সুশীল সমাজ তাদের স্বাধীনভাবে মতামত দিতে পারবে।

সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিসেস মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ জেলার অন্যান্য নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত