ফেনীতে যুবলীগের সম্মেলনে ‘নারায়ে তাকবির’ স্লোগন

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮:৫৮ পিএম

ফেনী পৌর যুবলীগের ১০ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে।

জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোস্তফা হোসেন এ স্লোগান দেন। বুধবার রাতে যুবলীগের সম্মেলনে এ স্লোগান দেন তিনি। মোস্তফা হোসেনের এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বক্তব্য দেওয়ার সময় মোস্তফা হোসেন প্রথমে বলেন, ‘আমি এখন আল্লাহু আকবার বলে স্লোগান দেব আপনারা নারায়ে তাকবির বলবেন’।

পরে তিনি ‘নারায়ে তাকবির’ বললে উপস্থিত যুবলীগের কর্মী-সমর্থকরা আল্লাহু আকবার স্লোগান তোলেন।

তিনি বলেন, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে শয়তান পালাবে। এরপর আমাদের আশপাশে যেসব শয়তান ঘাপটি মেরে বসে আছে, তারাও জয় বাংলা স্লোগানে পালিয়ে যাবে।’

এরপর তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং উপস্থিত নেতাকর্মীরা ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইল শরীফের সভাপতিত্বে ও আরাফাত খানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাম্মদ রিয়াদ আজিজ চৌধুরী, জেলা যুবলীগ সহসভাপতি জানে আলম।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিব, জেলা যুবলীগের সহসভাপতি ও শর্শদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া।

সম্মেলন উদ্বোধন করেন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

স্লোগানের ব্যাপারে জানতে চাইলে স্বপন মিয়াজী বলেন, আওয়ামী লীগ নেতা মোস্তফা হোসেন খারাপ কোনো উদ্দেশ্যে স্লোগান দেননি। এটি নিয়ে নেগেটিভ কিছু ভাবা ঠিক হবে না।

স্লোগানের আগে আওয়ামী লীগ নেতা মোস্তফা হোসেন বলেন, ২০২৩ সালের জাতীয় নির্বাচনে ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারীকে আবার বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত