ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠি আবাসনে অগ্নিকা-ে ১০টি বসতঘরসহ মালামাল ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে সরকারি আবাসন কেন্দ্রের এ দরিদ্র পরিবারগুলো।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকা- ঘটে। আগুনে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামালসহ ঘরগুলো পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হলেও ক্ষতিগ্রস্তদের দাবি ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আবাসনে ১ নম্বর ব্যারাকে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার সালাউদ্দিন মিয়া বলেন, ঘরের পেছনের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় ওই ব্যারাকের ১০টি ঘরে কেউ ছিল না।
