রাজধানীর কামরাঙ্গীরচর ও খিলগাঁওয়ে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার্থী দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরের একটি বাসা থেকে উদ্ধার করা হয় জুলি আক্তার (১৬) নামে কিশোরীর লাশ। গতকাল রবিবার বিকেলে খিলগাঁও ভূঁইয়াপাড়ার বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয় হীরা (২০) নামে তরুণীর লাশ।
কামরাঙ্গীরচর থানার এসআই শিহাবুল ইসলাম জানান, স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে জুলি কামরাঙ্গীরচরের ক্যামব্রিজ স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। পড়াশোনা নিয়ে শনিবার রাতে বাবা-মা বকাঝকা করে। পরে ঘর থেকে ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
গতকাল বিকেল ৪টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়ার দারোগাবাড়ি নামে বাড়ির দোতলার বাসা থেকে হীরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
হীরার মা মজিদা বেগম জানান, স্থানীয় নতুন কুঁড়ি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী তার মেয়ে। দুই ভাইবোনের মধ্যে হীরা ছিল বড়। তাদের বাড়ি রংপুর মিঠাপুকুর উপজেলার তেঁতুলিয়া গ্রামে। ছয় মাস আগে প্রেম করে সে বিয়ে করেছিল। পরে দুই পরিবার মিলে তাদের বিবাহ বিচ্ছেদ করানো হয়। এরপর থেকে বাবা-মায়ের সঙ্গেই থাকত সে।
খিলগাঁও থানার এসআই মিজানুর রহমান মিজান পরিবারের বরাত দিয়ে জানান, হীরার বাবা হিরু মিয়া পেশায় অটোরিকশাচালক। বাড়ি ভাড়ার ৫ হাজার টাকা মেয়ের কাছে রেখেছিলেন তিনি। গতকাল বাড়ি ভাড়া দেওয়ার টাকা চাইলে হীরা জানায়, সে এক বান্ধবীকে এক হাজার টাকা ধার দিয়েছে। এ নিয়ে বাবা-মা তাকে বকাঝকা করেন। বিকেলে বাবা বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর বাথরুমে ঢুকে সে গলায় ফাঁস দেয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে এসআই জানান।
